শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে,জানুয়ারিতেই আয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০৪ ০৯:২২:০১
ছবি: সংগৃহীত।

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশটি আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার সময়সূচি, আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে বৈঠকে ইজতেমা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। দুই পক্ষই টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে।
বৈঠকে দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাবও এসেছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, আগের সময়ের তুলনায় সামগ্রিক অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া কেন্দ্র ও জেলা ভিত্তিক সংকলিত তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী অংশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
এর আগে গত ১৮ আগস্ট বিশ্ব ইজতেমার সময়সূচি নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

বিশ্ব ইজতেমা, টঙ্গী, আইনশৃঙ্খলা


এ জাতীয় আরো খবর