শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গিলাতলা মোল্লাপাড়া জামে মসজিদে আলোচনা ও দোয়া

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৮-২৮ ২০:২৭:৪৭

মসজিদ উন্নয়নে জবেদা কাদের ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  খুলনার ফুলতলা উপজেলার ১নং আটরা-গিলাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী গিলাতলা মোল্লাপাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সামাজিক জনকল্যাণমূলক সংস্থা ‘জবেদা কাদের ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি মসজিদের চলমান উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।
অনুদানের চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শেখ পরওয়ার হোসেন, মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোঃ গোলাম মোস্তফা, পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
অনুদান প্রদান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বলেন, "রাসূলুল্লাহ (সাঃ) এর আগমন ছিল বিশ্ব মানবতার জন্য রহমত। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে ইহকাল ও পরকালের মুক্তি।"
জবেদা কাদের ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মসজিদ কমিটির সভাপতি বলেন, এই অনুদান মসজিদের উন্নয়ন কাজকে আরও ত্বরান্বিত করবে এবং এলাকার মুসল্লিরা উপকৃত হবেন।
এ সময় উপস্থিত মুসল্লিগণ ফাউন্ডেশনের চেয়ারম্যানের এই দ্বীনি খেদমতের জন্য আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা জানান। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা এবং জবেদা কাদের ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ গোলাম মোস্তফা।


এ জাতীয় আরো খবর