মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রচারণায় এনআইডি সংগ্রহ নয়,আচরণবিধি মানার কড়া বার্তা ইসির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-২৩ ১৩:৩৮:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের নজরে এসেছে যে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নির্বাচনী প্রচারণার সুযোগ নিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহ করছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন, ব্যবহার বা হস্তান্তর সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৪’-এর বিধি ৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান কিংবা উপহার প্রদান বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।
নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায়, এসব কার্যক্রম আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিক, রাজনৈতিক দল এবং সংগঠনকে আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে ইসি।

কীওয়ার্ডস:নির্বাচনী আচরণবিধি,এনআইডি সুরক্ষা,নির্বাচন কমিশন


এ জাতীয় আরো খবর