সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ট্রাকের ধাক্কায় আঘাত পেয়ে নিহত জাবি শিক্ষার্থী!

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-০৩ ২০:০১:১৯
সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৃজনী বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খন্দকার আশরাফুল মুনিম এবং সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন। এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় ট্রাকের ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন সৃজনী। সৃজনীর সহপাঠীরা জানায়, শুক্রবার দুপুরে তার স্কুলপড়ুয়া ছোট বোনকে নিয়ে বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান সৃজনী। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন তিনি। এসময় ভাগ্যক্রমে ধাক্কা দিয়ে ছোট বোনকে রক্ষা করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে দুপুরে মারা যায়। অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খন্দকার আশরাফুল মুনিম বলেন, আমরা বিভাগে আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছিলাম। বিষয়টা খুবই মর্মান্তিক। তার চিকিৎসার সুযোগও পেলাম না। হাসপাতাল থেকে খিলক্ষেতে তার বাসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। তারপর সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে!

এ জাতীয় আরো খবর