ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তদের সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। পাশাপাশি তথ্য যাচাই সাপেক্ষে সরকার ঘোষিত পুরস্কার দেওয়া হবে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই হামলার ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তকারী সংস্থাগুলো বলছে, হামলার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।
কীওয়ার্ড:শরিফ ওসমান হাদী,৫০ লাখ পুরস্কার,রাজনৈতিক হামলা