সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ঢাকায় জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবীতে শান্তির বার্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৬ ১৫:২৫:৪৮
ছবি: সংগৃহীত।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের স্মরণে শনিবার (৬ সেপ্টেম্বর) আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে উদ্যানে ফিরে আসে এবং শান্তি মহাসমাবেশে মিলিত হয়। অংশগ্রহণকারীরা সাদা পোশাক ও ক্যাপে সজ্জিত হয়ে কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। শোভাযাত্রা জুড়ে ধ্বনিত হয়- “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ও “নারায়ে রিসালত, ইয়া রাসুলুল্লাহ (সা.)”। কারও হাতে ছিল গাজার যুদ্ধ বন্ধের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ডও।
সমাপনী শান্তি সমাবেশে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। সেখানে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তাঁর শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শান্তি, ভ্রাতৃত্ব ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, আজ বিশ্বজুড়ে যুদ্ধ ও অমানবিকতা বিরাজ করছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা অনুসরণ করা। ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে এ শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
হিজরি সাল অনুযায়ী ১২ রবিউল আউয়াল দিনেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন। দিনটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।
দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক ও স্বাস্থ্যসেবাসহ জরুরি পরিষেবা চালু রয়েছে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

কীওয়ার্ডস: জশনে জুলুস ঢাকা,ঈদে মিলাদুন্নবী বাংলাদেশ,সোহরাওয়ার্দী উদ্যান শোভাযাত্রা,মাইজভাণ্ডারী শান্তি বার্তা,১২ রবিউল আউয়াল


এ জাতীয় আরো খবর