ঈদের আনন্দে ছুটি পাওয়ার খুশি শিক্ষার্থীদের কাছে যেমন কাঙ্ক্ষিত, তেমনি বিভ্রান্তিকর খবর হতে পারে রীতিমতো বিপর্যয়ের নামান্তর। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এমনই এক বিভ্রান্তি ছড়িয়েছে একটি ভুয়া ইমেইলের মাধ্যমে-যেখানে উল্লেখ করা হয়, ঈদুল আজহার ছুটি ১২ জুন থেকে বাড়িয়ে ১৯ জুন পর্যন্ত করা হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইমেইলে পাঠানো এই ভুয়া নোটিশে শিক্ষাবর্ষের চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, আসল নোটিশ অনুযায়ী ৫ জুন থেকে ১২ জুন পর্যন্তই ঈদের ছুটি নির্ধারিত রয়েছে, এবং তার বাইরে ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
নোটিশটি যেন হুবহু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ঘোষণা-এমনভাবে বানানো হয়েছিল, যাতে অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিকভাবে সেটিকে বিশ্বাস করে বসে। এতে রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের নাম, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল ঠিকানা, ওয়েবসাইট ও ফোন নম্বর অবিকল ব্যবহার করা হয়। ফলে বিভ্রান্তির মাত্রাও ছিল যথেষ্ট গভীর।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা যারা বাহিরে থাকি, বাসা বা ট্রেনের ফিরতি টিকিট আগেভাগেই কাটি। ছুটি বাড়ানো হয়েছে শুনে অনেকে টিকিট পিছিয়ে নিয়েছে। এখন আবার টিকিট পরিবর্তনের ঝামেলায় পড়তে হচ্ছে।”
আরেক শিক্ষার্থী লেখা বলেন, “এটা শুধু মজার বিষয় না। আমাদের বাসায় অনেকেই এমন মেইল দেখে বিশ্বাস করে। এখন বললেই হবে না যে ভুল হয়েছিল। মেয়েদের ক্ষেত্রে তো বিশ্বাসের জায়গাটা অনেক সময়েই সেনসিটিভ। আমি মনে করি, এমন কাজ দায়িত্বহীন এবং অমানবিক।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল সগীর বলেন, “আমরা বিষয়টি জেনেছি। এখন তো বিশ্ববিদ্যালয় বন্ধ, তবে খোলার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। কারা এটি ছড়িয়েছে, কী উদ্দেশ্যে, তা শনাক্ত করা হবে।”
বিশ্লেষকদের মতে, প্রযুক্তির যুগে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া নিছক কৌতুক নয়-এটি সাইবার অপরাধের পর্যায়ে পড়ে। কারণ, এটি শিক্ষার্থীদের মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক ভোগান্তির কারণ হতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন ভুয়া বার্তা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত-
শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও যাচাইকৃত নোটিশ ভেরিফিকেশন সিস্টেম চালু করা
বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও ঠিকানা দিয়ে কেউ যেন ইচ্ছেমতো বার্তা তৈরি করতে না পারে, সে জন্য ডোমেইন লেভেল ইমেইল অথেন্টিকেশন চালু করা
এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া
ঈদ উৎসব মানেই পরিবার, বন্ধুবান্ধব আর শান্তির সময়। এমন সময়েই যদি ভুল বার্তার কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে, তবে সেটি শুধু সময় ও অর্থের ক্ষতিই নয়-মানসিক স্বস্তির অপচয়ও বটে।
ভবিষ্যতে যাতে এমন বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত প্রযুক্তি-নির্ভর সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং শিক্ষার্থীদের ডিজিটাল সচেতনতা বাড়ানো।