সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

মি লি আ ফ রো জা

  • খুব জানতে ইচ্ছে করে
  • ২০২৩-০৮-১১ ০১:২৩:৪৬

আচ্ছা,আজও তুমি 
সারাটি রাত দাঁড়িয়ে থাকো ব্যালকনিতে?
রাত্রি শেষে 
ক্লান্ত মনে ঘুমোতে যাও ভোরবেলাতে?
আমায় ভেবে
কবিতা লেখো একা বসে গভীর রাতে?  
ইচ্ছে কি হয়
কাজ ফেলে সব গল্প করি তোমার সাথে?  
বা কখনও 
আমায় নিয়ে দূর অজানায় হারিয়ে যেতে?
সন্ধ্যেবেলায়
তোমায় আমি চা করে দেই নিজের হাতে?
ভীষণ জ্বরে
ইচ্ছে করে আমার হাতের স্পর্শ পেতে? 
হঠাৎ করেই 
জড়িয়ে ধরে আমার চুলের গন্ধ নিতে? 

ভাবছি কি সব আকাশকুসুম 
মন উচাটন, নেই চোখে ঘুম।।

মনে পড়ে
প্রথম "কথা" কি বলেছো আমার সাথে?
আমি শুধুই 
হেসেছিলাম তোমার কথার জবাবেতে।
সেই হাসিতেই
ঘায়েল তুমি থাকতে বসে আমার পথে।
আমি তোমায় 
এড়িয়ে যেতাম তুমি সেটা খুব বুঝতে।
আরও বেশি 
ব্যাকুল হয়ে থাকতে তুমি অপেক্ষাতে।।

এমনি করেই----
দু'চারটে টুকরো কথা
কুশলাদি লৌকিকতা 
ছোট ছোট গান কবিতা
সুখদুঃখের কথকতা
খুনসুটিতে মিষ্টি কথা
মান অভিমান আকুলতা।।

অজান্তেই
কখন যেন হারিয়ে গেলাম দু'জনাতে।
ধীরে ধীরে 
তরল আবেগ ঘন হলো দিনে রাতে।
খেই হারালাম
ঐ দু'চোখের মায়াভরা চাহনিতে। 
মনের কথা 
উজাড় করে লিখতে আমায় সব চিঠিতে।
মুগ্ধ ছিলাম
তোমার লেখার ছলনাহীন সেই যাদুতে।
ভালোবেসে
রেখেছিলাম তোমায় মনের মন্দিরেতে।।

হটাৎ হলো ছন্দপতন 
ছিটকে গেলাম দু'দিক দু'জন 
দোষ বিচারের নেই প্রয়োজন 
এটাই ছিল ললাট লিখন।।

বদলে গেছে
সবকিছু আজ বদলে গেছি আমি
তবু
স্মৃতিগুলো আমার কাছে আজও অনেক দামী। 
আজ অনেক বছর পরে
কেমন আছো এখন তুমি?
খুব জানতে ইচ্ছে করে।।


এ জাতীয় আরো খবর