তোর দুঃখগুলো আমি রোদে শুকিয়ে রাখবো
ভেজা দুঃখে তোর ঠান্ডা লাগে
সেকি আমি জানি না?
আমি আজীবন তোর অধম হয়ে থাকলে
তুই না হয় অধমের আলো হয়ে থাকিস।
তোর কষ্টগুলো আমি বুকের ভেতর গুছিয়ে রাখবো
কষ্ট পেলে তুই চুপিসারে কাঁদিস
সেকি আমি জানি না?
আমি না হয় তোর শিয়রে দাঁড়িয়ে থাকবো
তুই কান্না থামিয়ে ঘুমিয়ে নিস।
তোর আনন্দগুলো বুকের জমিনে এঁকে রাখবো
আনন্দ পেলে তুই কতটা উচ্ছ্বসিত হোস
সেকি আমি জানি না?
আমি না হয় নিজের ভুল গুলো শুধরে নেবো
তুই সারাজীবন হাসিমুখেই থাকিস।
আমিও যে এই পৃথিবীতে বড্ড একা
তোর কাছেই আসি বার বার
সেটা কি তুই বুঝিস না?
তুই না হয় একটু উদার হয়ে
এই আমাকে আগলে রাখিস।।