সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

রমযানের কোনো বিকল্প নেই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-২৫ ১৯:৩৫:৪৩

নিঃসন্দেহে সব মাসই আল্লাহ রাব্বুল আলামীনের। তিনিই দুনিয়া সৃষ্টি করেছেন। সময় সৃষ্টি করেছেন।

যামানা সৃষ্টি করেছেন। সেই যামানার মাঝে পরিবর্তন আসে। একের পর এক সময় আসে, দিন আসে, মাস আসে। তন্মধ্যে রমযানের বৈশিষ্ট্য এই যে, তার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন–

شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَ الْفُرْقَانِ .

রমযান মাস; যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, যা মানুষের জন্য (আদ্যোপান্ত) হেদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলি সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং (সত্য ও মিথ্যার মাঝে) চূড়ান্ত ফয়সালা করে দেয়। –সূরা বাকারা (০২) : ১৮৫
সুতরাং এ মাসের কোনো বদল বা বিকল্প নেই। এই মাসের কোনো তুলনা নেই।

রমযানের শ্রেষ্ঠত্ব ও ফযীলত
এ মাসে কুরআন নাযিল হয়েছে– এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। কিন্তু আমাদের স্বভাব হল– আমরা যেসকল বিষয় খুব সহজেই হাতের নাগালে পাই এবং যেসকল বিষয় প্রতিনিয়ত ঘটতে দেখি, সেগুলোর প্রতি আলাদা কোনো আকর্ষণ থাকে না। যে পথ দিয়ে আমরা নিয়মিত হেঁটে চলি সে পথের দুপাশে মনোযোগ দেওয়া হয় না। সব সময় যেসব কথা শুনি, তার প্রতি বিশেষ কোনো আগ্রহ থাকে না। এমনকি আযানের গভীর মর্মসমৃদ্ধ বাক্যগুলোর দিকেও আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ করি না।
আল্লাহ তাআলা বলছেন, রমযান হল এমন মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে। এটা অনেক বড় মর্যাদার কথা। যে সময়ে এবং যে জায়গায় কুরআন নাযিল হয়েছে, সেই সময় ও জায়গা তুলনাতীত মর্যাদাবান। যত সময় আছে, যত মাস আছে এবং যত স্থান আছে, তন্মধ্যে যে সময় ও স্থানে কুরআন নাযিল হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ সময় ও স্থান দ্বিতীয়টি নেই।

দুর্লভ সুযোগ
আপনি মোবারকবাদ গ্রহণ করুন যে, আল্লাহ তাআলা আপনাকে পুনরায় রমযান মাস দান করেছেন। অতীতের রমযানগুলোতে যে ত্রুটি-অবহেলা হয়েছে, সময় কাজে না লাগানো এবং নিজের উন্নতির ক্ষেত্রে যে অসাবধানতা ঘটে গেছে, আবার রমযান দিয়ে তা পূরণ করার সুযোগ দিয়েছেন। এ দুর্লভ সুযোগ সবার ভাগ্যে বারবার আসে না। অতএব এই মহা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন।

আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াবের আগ্রহ
এক্ষেত্রে প্রথমে যে কথাটি মনে রাখা এবং হৃদয়ে অঙ্কিত করে রাখা উচিত, সেটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী–

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَه مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَه مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه.
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমযানের রোযা  রাখে, তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। –সহীহ বুখারী, হাদীস ২০১৪
আল্লাহর প্রতি ঈমান, তাঁর ওয়াদার প্রতি বিশ্বাস এবং সওয়াবের প্রতি আগ্রহ নিয়ে রোযা রাখা, এমনিভাবে লাইলাতুল কদরে ইবাদত করা– এসব আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আল্লাহর রাসূলের কাছেও প্রিয়। মনে রাখতে হবে, সওয়াবের আশায় রোযা রাখবে! অন্য কোনো জযবায় নয়। কেবল রোযার সংখ্যা পুরা করা কিংবা শুধু রমযান মাস পার করা জন্য নয়।
অনেকে রোযা রাখে এবং রোযা রাখার তৃপ্তি-আনন্দও উপলব্ধি করে। কিন্তু রমযানের মর্যাদা, ফযীলত এবং রোযার সওয়াব ও প্রতিদানের কথা দিল দেমাগে উপস্থিত রাখে না। ফলে এসব বিষয় তার রোযা রাখার প্রেরণা ও উৎসাহের কারণ হয় না।
অনেকে রোযা রাখে কেবল অভ্যাসবশত কিংবা প্রথা পালনের উদ্দেশ্যে, কেউ রোযা রাখে– সবাই রাখে এজন্য, কেউ রোযা রাখে বংশীয় ঐতিহ্যের কারণে।

 


এ জাতীয় আরো খবর