তুই কি যাবি আমার সাথে
ছোট্ট নায়ের গাঁয়
যেথায় ফুটে শাপলা-শালুক
কদম, হাসনা-হেনায় ।
পুকুর ঘেষা কলমিলতা
হেঞ্চা হাওয়ায় দোলে
লাউয়ের মাচায় সোহাগী লাউ
কুমড়ো ফুলে ফুলে ।
মাঠের পর মাঠ বয়ে যায়
নদীর ‘পরে ঢেউ
সেথায় মোরা সবাই আপন
পর নয়তো কেউ ।
ক্ষেতের মাঝে শর্ষে ফুলের
হলদে রঙের হাসি
রাখাল ভাইয়ের মধুর সুরে
মন কাড়ে তার বাঁশী ।
যাবি নাকি মোর সাথে
ঐ দীঘিটার পার
যেথায় গেলে সব ভুলে যাই
থাকে না কষ্ট আর ।
জ্যোৎস্না মাঝে তপ্ত বালু
ঝিকিমিকি জ্বলে
নদীর স্রোতে নাওখানি মোর
পবন দোলায় দোলে ।
রাঙা ঠোঁটে সুরটি তুলে
অচিন গাঁয়ের পাখি
ইচ্ছে করে বুকের ভিতর
আগলে তারে রাখি ।
যাবি কি তুই আমার সাথে
বাংলা মায়ের কোলে
সেথায় আছে শান্তি ছায়া
দুঃখ যাবি ভুলে ।
বন্ধু আইডি : ৪৮৮