বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

যুব শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বাজেটে বেশি বরাদ্দের দাবি

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-৩১ ০৭:০৪:৩৬
আসন্ন ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় বাজেটে শ্রমিকদের ন্যায্য হিস্যা, বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং সব যুব শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বাজেটে বেশি বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন যুব নামে একটি সংগঠন। সোমবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুব নেতাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রায় সব খাতেই সাধারণ শ্রমিকদের আয় কমে গেছে। তারা বলেন, ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রণীত হতে যাচ্ছে। কিন্তু বাজেট প্রণয়ন কার্যক্রম এবং নীতি নির্ধারণে শ্রমিক নেতাদের মতামত ও অংশগ্রহণ পরিলক্ষিত হয়নি। তাছাড়া বর্তমান করোনা মহামারিতে শ্রমজীবীদের কর্মহীনতার কারণে অব্যাহত দুস্থতা, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শ্রমনির্ভর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি না থাকা, সর্বোপরি শ্রমজীবীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট কাঠামো ও বাজেট বরাদ্দ না থাকায় বিদ্যমান পরিস্থিতিতে দারিদ্র্য বিমোচনে সরকারের ঘোষণা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল বলেন, সরকার প্রতিবছর বাজেটের আগে ব্যবসায়ী মহলসহ এফবিসিসিআই, এমপ্লয়ার্স ফেডারেশন, বিভিন্ন চেম্বার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে থাকে। ব্যবসায়ী ও মালিকদের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ গ্রহণ করে থাকে। কিন্তু দেশের উৎপাদন এবং অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক-কর্মচারীদের কোনো মতামত গ্রহণ করা হয় না। তাই আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রণয়নে শ্রমিক নেতাদের অংশগ্রহণ ও মতামত গ্রহণ, শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং কর্মক্ষম যুব শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বাজেটে বেশি বরাদ্দ রাখার দাবি জানান তারা। জাতীয় যুব শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম বলেন, কেবল প্রবৃদ্ধি নির্ভর নয়, কর্মসংস্থান তৈরির উপযোগী বাজেট প্রণয়ন, করোনা অতিমারিতে বিদ্যমান টিকা কার্যক্রমে শ্রমজীবীদের অগ্রাধিকার দেওয়া, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং প্রদেয় অর্থের পরিমাণ বৃদ্ধি করা ও নারী শ্রমিকসহ সব শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু মিয়া, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরো খবর