সোমবার, মে ২৫, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউ: ৬৪ জেলায় কাজ শুরু করলেন ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১৭ ২২:৫২:৪৭
ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সারাদেশে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। শনিবার (১৭ জানুয়ারি) থেকে ৬৪ জেলায় একযোগে কাজ শুরু করেছেন ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক।
মাঠে নামার আগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন নিয়ে নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রস্তুত করা হবে।
তিনি জানান, ইইউ ইওএম দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের একটি সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে, যাতে নির্বাচনের প্রতিটি ধাপ ভারসাম্যপূর্ণভাবে মূল্যায়ন করা সম্ভব হয়। পর্যবেক্ষকেরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন।
ইনতা লাসে আরও বলেন, পর্যবেক্ষকেরা দুই সদস্যের দলে বিভক্ত হয়ে নিজ নিজ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক, তরুণ কর্মী এবং স্থানীয় অংশীজনদের সঙ্গেও মতবিনিময় করবেন। এই কার্যক্রম শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও পরিচালিত হবে।
ইইউ কর্মকর্তারা জানান, এই মিশনে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও পর্যবেক্ষক অন্তর্ভুক্ত হয়েছেন। মাঠ পর্যায়ে কাজ শুরুর আগে তাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনটি মোতায়েন করা হয়েছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস গত ১১ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম উদ্বোধন করেন।
নির্বাচনের দিন ঘনিয়ে এলে পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। সে সময় ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামবেন। তাদের সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও যুক্ত হবেন। তারা ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল সংকলন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
সব মিলিয়ে পূর্ণ সক্ষমতায় ইইউ ইওএমে ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন। ইইউ ইওএম আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে। পরে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষে সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, যা জনসমক্ষে প্রকাশ করা হবে।

কী-ওয়ার্ডস:ইইউ নির্বাচন পর্যবেক্ষক,দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ,জাতীয় সংসদ নির্বাচন


এ জাতীয় আরো খবর