তখনো ভোর হয়নি, রাত্রিশেষের চাঁদ ম্লান হয়ে এসেছে।
টিনের চালে টুপটাপ শব্দে শিশিরের পতন
হঠাৎ আর্তনাদ শুনি এক ভয়ার্ত কণ্ঠের।
বেলকনিতে এসে দাঁড়িয়ে চেষ্টা করলাম শুনতে
চিৎকার টা এলো কোথা থেকে,
না কিছুই বুঝতে পারলাম না।
দূর থেকে ভেসে আসছে নদীর কলতান
খেয়াঘাটের সুজন মাঝি
ভোরের ট্রেনযাত্রীদের পারাপারের কাণ্ডারী।
আযান পড়ে গেল ঘুম আর হলো না,
বুকের মাঝে কেমন একটা কষ্ট অনুভব করছি।
কোন মায়ের কোল খালি হলো কে জানে !
রক্তপিপাসু দানবের তো শেষ নেই।
আজ আর হাঁটতে যাওয়া হলো না --
ভোরোর আলোয় দেখা গেল সেই বীভৎস দৃশ্য।
ষোলো সতের বছরের ছেলেটা রক্তাক্ত শরীরে
মুখথুবড়ে পড়ে আছে মাটিতে--
কী এমন অপরাধ ছিল ছেলেটার যে জীবনটাই নিতে হবে !
লোকজনের ভিড় সরিয়ে পুলিশের গাড়ি এলো
অবশেষে নিয়ে গেল থানায়।
খবর হলো দুষ্কৃতিদের হাতে অজ্ঞাত যুবক খুন,
সব শেষ --- পোষ্ট-মর্টম হবে, তদন্ত চ-ল-বে --।
কিন্তু ভরে দিতে পারবে কী কেউ মায়ের শূন্য কোল ?