গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১৪ ২১:৩০:৩৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকা সংলগ্ন পূণর্ভবা নদীর রেলব্রীজ ঘাটে বন্ধুদের সাথে গোসলে নেমে পানিতে ডুবে মোদাচ্ছের আহমেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া (ঝিকড়া চৌহদ্দীটোলা) গ্রামের ইসমাইল হকের ছেলে ও রাজশাহী মহানগরীর উপ-শহরের মোহাম্মদী নূর ই দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে রাজশাহীতে খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। মোদাচ্ছের সাঁতার জানত না।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকলে মাদ্রাসা ও স্কুল পড়–য়া প্রায় সমবয়সী ৮ শিক্ষার্থী বাড়ি থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ট্রেনযোগে বেড়ানোর উদ্দেশ্যে সকাল সাড়ে ১১টার দিকে  রহনপুর পৌঁছে। তারা ট্রেন থেকে নেমে দুপুর ১২টার দিকে ষ্টেশনের অদূরে ষ্টেশন ঘাটে নদীতে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে নদীতে তলিয়ে যায় মোদাচ্ছের। স্থানীয়রা তৎক্ষনাৎ তাকে নদীতে খুঁজে না পেয়ে ফয়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল ৩টার দিকে মোদাচ্ছেরের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
গোমস্তাপুর ফয়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন, ৮ শিক্ষার্থীর কেউ সাঁতার জানত না। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে  শিক্ষার্থীর ভাই ও মামার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন শিক্ষার্থীর ভাই।