বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ জিতেছে আফগানিস্তান।শারজায় শেষ খেলায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো আফগানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪৬ রান করে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন আজমাতউল্লাহ অমরজাই। সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবী।
প্রথম দুই খেলায় দুই দল ১টি করে ম্যাচ জেতায় সিরিজের তৃতীয় ও শেষ খেলায় জয় পেলেই জেতা হবে ওয়ানডে সিরিজটি, এমন সমীকরন নিয়েই শেষ খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। আর সেই সুযোগ হাতছাড়া হতে দেইনি আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো আফগানরা ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ খেলাতে টস ভাগ্য ছিলো বাংলাদেশের সাথেই। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দলের দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। দলের পক্ষে ৫৩ রানের ওপেনিং জুটির ইনিংস খেলে এই দুই ব্যাট্সম্যান আউট হলে এরপর দ্রুত আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ।
১৯ রান যোগ করতেই বিদায় নেন জাকির হাসান ও তাওহিদ হৃদয়। ৭২ রানে ৪ উইকেট হারালে সিরিজ জয়ের আশা ফিঁকে হতে থাকে বাংলাদেশের। এমন অবস্থাতেই দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রয়োজনীয় সময়েই দলের এই সিনিয়র দুই ক্রিকেটারের দায়িত্বপুর্ন ব্যাটিং পারফরমেন্সে স্বস্থি ফেরে বাংলাদেশ দলে। দুজন মিলে দলের রানে যোগ করেন ১৪৫ রান। ৬৬ রানে মিরাজ আউট হলে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৯৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৪৪ রানের লড়াকু পুজি গড়তে সক্ষম হয় বাংলাদেশ দল। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন দলের ডানহাতি ফাস্ট বোলার আজমাতউল্লাহ অমরজাই।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে দলের ব্যাট্সম্যানরা ভালো শুরু এনে দেয় আফগানিস্তানকেও। তবে, ৪১ রানে ওপেনার সেদিকউল্লাহ আতাল আউট হলে দলকে জয়ের পথে এগিয়ে নেয় আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। দলের পক্ষে ১২০ বলে সর্বোচ্চ ১০১ রানরে দারুন এক ইনিংস খেলেন তিনি। গুরবাজ আউট হলে আজমাতউল্লাহ ওমরজাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রানের অপরাজিত ইনিংসে ভর করেই জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। দলের পক্ষে ৩৪ রান করে অপরাজিত ছিলেনমোহাম্মদ নবী। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। ১টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।