চাঁপাইনবাবগঞ্জে খামারীদের মাঝে ঘাস চাষের সাইলেজ প্রযুক্তি হস্তান্তর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৭ ২২:২০:১২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে খামারী পর্যায়ে ঘাস চাষের সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সাইলেজ প্রযুক্তির প্রশিক্ষণ গ্রহণকারী জেলার বিভিন্ন ইউনিয়নের নারীসহ ২২ খামারীকে সাইলেজ তৈরীর সরঞ্জাম হস্তান্তর করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রযুক্তি হস্তান্তর করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইয়ামিন আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আখতারুজ্জামান প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, মানসম্মত গোখাদ্য সরবরাহের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারীদের মাঝে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে ‘প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প’ এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জ সদর সাইলেজ প্রযুক্তি বিতরণ করে।
কর্মকর্তারা বলেন, ঘাস থেকে সাইলেজ তৈরী করে ঘাসের পূষ্টিগুণ বৃদ্ধি করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ফলে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও শুস্ক মৌসুমেও গবাদিপশুকে পূষ্টিকর খাদ্য সরবরাহ সম্ভব হয়। সাইলেজ সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দানাদার খাদ্য খরচ কমিয়ে খামারীদের লাভ নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।