মি শু ক সে লি ম

  • চুম্বনহীন বেঁচে আছি
  • ২০২৪-১১-০৫ ২১:৩৬:৪৪
image

কখনো এমন নির্জনতা নেমে আসেনি এ শহরে,
ক্লান্ত এ শহর ঘুমোতে চায় নীরবে
জনমানব শূন্য ম্যাডিসন স্কয়ার গার্ডেন টাইম স্কয়ার,
এমনকি সিক্সথ অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল পার্ক অবধি
শূন্যতা, কেবলি শূন্যতা অথচ বিগত যেকোন
মধ্যরাতকে অনায়াসে চালিয়ে দেয়া যেত সন্ধ্যারাত বলে।

ভাললাগাহীন ভালবাসার মতো দাঁড়িয়ে
আছে ফ্রিডম টাওয়ার রকফেলার সেন্টার
আর ট্রাম টাওয়ার, ভালবাসি বলেই তৃষ্ণার্ত
প্রেমিকের মতো চুম্বনহীন বেঁচে আছি।

এ শহরের প্রতিটি ইট, প্রতিটি কাঠামো
আজ কথা বলছে একাকিত্বের ভাষায়,
জর্জ ওয়াশিংটন ব্রিজও যেন প্রিয়তমার অপেক্ষায়
নীরবতায় ডুবে আছে মলিন হয়ে
কোথাও নেই চিরচেনা কোলাহল, প্রাণবন্ততা।

নির্জনতায় ভরা এ নগরী গভীর বিষাদের প্রতিচ্ছবি
স্মৃতিরা ভাসছে এ শহরের বাতাসে,
পার্কে জমে থাকা কথাগুলো কান্না করছে নীরবে
হৃদয়ের গভীরে বেজে চলছে অজানা নির্জনতা।

স্মৃতিরা ভাসছে প্রতিটি নির্জন রাস্তায়
এ শহর আমার একান্ত প্রিয় হয়ে উঠেছে
কেননা এ শহরের প্রতিটি কোণে খুঁজেতেছি  
তোমার অস্তিত্ব, তোমার ভালবাসা।