বন্ধু মানে;
কিশোর বেলায় দু'জন মিলে স্কুল ফাঁকি দিয়ে বনেবাদাড়ে পাখির বাসা খুঁজে বাচ্চা চুরি করা
গুলতি দিয়ে গাছে গাছে চড়ুই, শালিক পাখি শিকার করা উদোম গায়ে বৃষ্টিতে ভেজা, নদী পার হওয়া
কনকনে শীতের রাতে ভোলা গাছির খেজুর গাছ থেকে খেজুরের রস চুরি করে পায়েশ রান্না করে খাওয়া
বাবা মা'কে না বলে পাশের গ্রামে মেলা দেখতে যাওয়া
রাতের বেলা বিছনায় পাশ বালিশ দিয়ে নকল মানুষ বানিয়ে এক সাথে রাত জেগে যাত্রা দেখা
পাশের বাড়ির বাগান থেকে ফল চুরি করার দায়ে পাড়ার সালিসে পাশা-পাশি দাঁড়িয়ে শাস্তি ভোগ করা
মায়ের বকুনি শুনতে শুনতে দু'জন মিলে পালানো
মোড়লের বাগানে পেয়ারা চুরি করতে গিয়ে এক বন্ধু ধরা পড়লে বাকিরা সব দেয়াল টপকিয়ে বাইরে এসে বন্ধুর জন্য ছটফট করে সময় পার করা
কারো স্কুলে পরীক্ষার ফর্মফিলাপের টাকা কম পড়লে সবাই মিলে চাঁদা তুলে তাঁকে সহযোগিতা করা।
বন্ধু মানে;
জাত, ধর্ম ভুলে এক পাতে দুজ'নে খাওয়া
জোর করে বন্ধুর মুখের খাবার কেঁড়ে খাওয়া
ঈদ, পূজায় বন্ধুর বাড়িতে দাওয়াত, নেমন্তন্ন খাওয়া
কারো বাবা-মা অসুস্থ হলে সবাই মিলে বাবা-মাকে নিয়ে হাসপাতালে টানা টানি করে ভর্তি করা
বাবা মায়ের মৃত্যু হলে বন্ধুটিকে জড়িয়ে ধরে বলা আমি আছি তোর সাথে চিন্তা করিস না
নিজের ভালো ড্রেসটি পরিয়ে বন্ধুকে চাকরির ইন্টারভিউতে পাঠানো
বন্ধুটির চাকরি হলে সেলিব্রেট করা, যার হয়নি তাঁর জন্য বলা-আমি আছিতো তুই চেষ্টা চালিয়ে যা
এক জন অসুস্থ হলে হাসপাতালে তাঁর বেডের পাশে অনিদ্রা রাত কাটানো
পারিবারিক জীবনে দিনে অন্ততঃ একবার দেখা করা পারিবারিক খোঁজখবর নেয়া
যার সংসারে অর্থের টানাটানি তাকে সহযোগিতা করা
ধর্মের চৈতন্য ছেড়ে মানব চৈতন্য বোধে পাশে থেকে
সারা জীবন দুঃখ-সুখে এক সাথে চলা
কবর স্থান হোক আর শশ্মান হোক শব যাত্রায় সামনে থেকে বাঁশের দোলনাটিকে কাঁধে নেয়া।।