৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-১০-৩১ ২১:৪৩:০৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিক মারধরের জেওে টানা ৩দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল পূণরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় লোকাল বাস সার্ভিস। তবে চাঁপাইনবাবগঞ্জের বাস মালিকদের নিকট চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদেও কিছু চাওয়া পাওয়া নিয়ে চালু হয়নি বিরতিহীন মহানন্দা ও গেটলক বাস সার্ভিস। শ্রমিক নেতৃবৃন্দ বলছেন,মালিকদের সাথে শ্রমিকদের আলোচনা চলছে। কিছু সমস্যা সমাধান হলেই অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরণের বাস চলাচল শুরু হবে।
রাজশাহী রুটে লোকাল বাসের টিকিট বিক্রয় ও সিরিয়াল মেইনটেইনকারী চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সদস্য ইয়াদুল হোসেন বৃহস্পতিবার বিকালে বলেন, এখন যে সমস্ত বাস চলছে সেগুলো রাজশাহীর মালিকদের। চাঁপাইনবাবগঞ্জের মালিকদের বাস চলাচল এখনও শুরু হয় নি। রাজশাহীর বাসগুলো পরিচালনায় সাহায্য করছেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। রাজশাহী শ্রমিক ইউনিয়ন সদস্য মিঠুন আলী বলেন, রাজশাহীর স্টাফরা বাস নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসা শুরু করেছেন। কোনও সমস্যা নাই।
শ্রমিক সূত্র জানায়,গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের মারধরের জেরে শুরু হয় সংকট। এরপর দুই জেলার শ্রমিকরা দ্বন্দে জড়িয়ে পড়েন। উভয়পক্ষে মারধরের অভিযোগ ওঠে। ফলে গত সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে দুরপাল্লার বাস চলাচলও আংশিক বন্ধ হয়। নিরাপত্তার অভাবে রাজশাহীর উপর দিয়ে চলা সকল বাসে কাজ চলাচল বন্ধ করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন,গত মঙ্গলবার ও বুধবার রাজশাহীতে পুলিশ কমিশনারের দপ্তরে দু’পক্ষের বৈঠকে সকল সমস্যার সমাধান হয়েছে। বুধবারই পুরো শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ষ্টাফ নিয়ে দুরপাল্লার সকল বাস। বৃহস্পতিবার রাজশাহী রুটের লোকাল বাস চলাচল শুরু হয়েছে। সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, এখন চাঁপাইনবাবগঞ্জের মালিকদের সাথে বসে রাজশাহী রুটের মহানন্দা ও গেটলক চলার ব্যবস্থা করা হবে। আলোচনা চলছে। তাহলে সপ্তাহব্যাপী চলা সকল অচলাবস্থার সম্পূর্ণ অবসান হবে।