দক্ষিণখানের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা আলতাফ আটক,অস্ত্র ও কুকুর উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-৩০ ০৮:৩৭:২৪
image

যৌথ অভিযানে রাজধানীর দক্ষিণখানে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা আলতাফকে আটক করা হয়েছে। এসময়, আলতাফের দুই সহযোগীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।  অভিযানে সম্প্রতি থানা থেকে লুট হওয়া অস্ত্র, নানা ধরনের দেশীয় অস্ত্র ও দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করা হয়। 
রাজধানীর উত্তরা-দক্ষিখানে মাদক বাণিজ্য, অস্ত্র বিক্রি, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা ধরনের অপরাধের রাজত্ব কায়েম করেছিল আলতাফ নামের এক সন্ত্রাসী। তার রাজত্বের সব অপরাধ নিয়ন্ত্রিত হত কিশোর গ্যাংয়ের মাধ্যমে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র এই গ্যাংয়ের সদস্যদের কাছে আছে এমন তথ্য ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।  
অস্ত্র উদ্ধার ও ঠোঁট কাটা আলতাফ নামে পরিচিতি পাওয়া এই সন্ত্রাসীকে ধরতেই অভিযানে নামে যৌথবাহিনী। মধ্যরাতে উত্তরা ৮নং সেক্টরের রেললাইন সংলগ্ন তিনটি বস্তি ঘিরে ফেলে তারা। বস্তিজুড়ে চালায় চিরুনি অভিযান। এসময় ধরা পড়ে আলতাফ। 
আলতাফের দেয়া তথ্যে তার আরও দুই সহযোগীসহ বেশ কয়েকজনকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হয় থানা থেকে লুট হওয়া অস্ত্র, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মাদক।
বস্তিতে থাকা আলতাফের গোপন আস্তানা সন্ধান পায় যৌথবাহিনী।  সেখান থেকে উদ্ধার করা হয় দুটি জার্মান শের্ফাড কুকুর।