কিশোরগঞ্জ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ বেসকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকেরা অংশ নেন। পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান। এতে অন্যদের মধ্যে ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ননএমপিওভুক্ত শিক্ষক ফাতেমা খাতুন, রূপা চক্রবর্তী, এ কে আজাদ নাসিম, তাজুল ইসলাম, ওসমান গনি আদনান, সুবেস ভট্টাচার্য, সাইফুল ইসলাম জুয়েল, জাহানারা ভূইয়া প্রমুখ অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ৩২ বছরের বৈষম্য অবসানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা অবিলম্বে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে তাদেরকে এমপিওভুক্ত করার দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।