আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি বল প্রয়োগের প্রতিবাদ বাকবিশিস'র

  • হাসান মেহেদী :
  • ২০২৪-১০-২০ ২৩:৫৭:৩৩
image

বেসরকারি কলেজে  অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানকারী শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে   আন্দোলনরত শিক্ষকদের  ওপর পুলিশি বল প্রয়োগের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাকবিশিস নেতারা উল্লেখ করেন,  গত  ১৭ অক্টোবর শিক্ষাভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে  শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ বল প্রয়োগ করে। পুলিশি বল প্রয়োগের ফলে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। যা আমাদের স্তম্ভিত, ব্যথিত ও হতাশ করেছে। আমরা এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানাই। শিক্ষকরা পাঠদানসহ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসলেও সম্পূর্ণ অমানবিকভাবে তাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। বেতন না পাওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির যুগে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে  আরো উল্লেখ করা হয়, সমস্ত যোগ্যতা ও যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করার মধ্যদিয়ে নিয়োগ দেওয়া হলেও  বিগত ৩২ বছর ধরে অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানকারী শিক্ষকরা এমপিও বঞ্চিত। দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসলেও অতীতের সরকারগুলো শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়ন করেনি। যা খুবই দুঃখজনক। 
বাকবিশিস নেতৃবৃন্দ বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানকারী শিক্ষকদের অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।