চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১৭ ০৯:০৫:১০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোহনা পার্ক সংলগ্ন হাকিমপুর-দুর্লভপুর এলাকায় পদ্মা নদীর তীর ঘেঁষে নিয়মিত বালু  উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি  প্রদান করা হয়। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চরাঞ্চলের আলাতুলি,দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের  সর্বস্তরের  জনগনের  ব্যানারে আয়োজিত কর্মসূচী থেকে বালু উত্তোলনকে  অবৈধ দাবি করে  এর প্রতিবাদ জানানো হয় ও বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।  
নবীর আলীর সভাপতিত্বে মানববন্ধন থেকে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, স্থানীয় বাসিন্দা আফসারুল আলম, মাওলানা কাওসার আলী, ফয়সাল হোসেন, আব্দুল জলিল প্রমুখ। বক্তরা বলেন, প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এর প্রভাবে  নদীর তীর ও নদী রক্ষা বাঁধ ভেঙ্গে  কিছু ফসলি জমি, বসত বাড়ি  ও স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এখন ভাঙ্গণ হুমকির মুখে রয়েছে  তিনটি ইউনিয়নের আরও ফসলি জমি ও বসত বাড়ি। এ পরিস্থিতিতে বালু মহলের ইজারা বাতিল করে  নদীতীরবর্তী এলাকাকে ভাঙ্গণ থেকে রক্ষার জোর দাবি করেন বক্তরা।
 এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস  সামাদ বলেন, স্মারকলিপি পাওয়া গেছে। ওই বালুমহলের সম্পূর্ণ না আংশিক  অংশ ইজারা দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে। দ্রæত এলাকাবাসীর দাবির যৌক্তিকতা তদন্ত করে  সে অনুযায়ী  পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।