চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তফিজুল(৫৫) নামে এক জেলের মরদেহ নদী থেকে ২০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও স্থানীয়রা। তিনি দূর্লভপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামোজগন্নাথপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়,গত মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাড়ির অদুরে পদ্মা নদীর তীরে খেওয়া জাল দিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হন তফিজুল। স্বজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে নিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও মঙ্গলবার তার কোন খোঁজ মেলে নি। বুধবার(১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। তাদের অভিযান চলাকালীন দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া স্থানের কিছুটা দূরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ডুবুরীদের খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার কাদেরী কিবরিয়া বলেন, তফিজুলের পায়ে জাল আটকে তিনি নদীর গভীরে তলিয়ে ছিলেন। ডুবে যাবার ২০ ঘন্টারও বেশি পরে তিনি ভেসে ওঠেন।
দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, তফিজুল অসূস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।