কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ১০ চিকিৎসককে বহিষ্কার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৭ ০৯:০৭:২৯
image

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ১০ চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন, শিক্ষার্থী ও হাউজ স্টাফসহ মোট ৫৯ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছ কলেজ প্রশাসন।  
থ্রেট কালচার, মানিলন্ডারিং এবং র‌্যাগিংয়ের অভিযোগ তদন্তের পরে অভ্যন্তরীণ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। বহিস্কৃতদের বিরুদ্ধে হাসপাতালে ভীতি ও হয়রানির পরিবেশ সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া বহিস্কৃতদের নাম রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে পাঠানো হবে, যারা তাদের চিকিৎসা নিবন্ধন সার্টিফিকেট পর্যালোচনা করবে এবং প্রয়োজনে নিবন্ধন বাতিল করা হবে।
অভিযুক্তরা হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেও যুক্ত বলে জানা গেছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেয়ার জন্য চাপ দেয়া হয়েছিল।  দাবি মানতে অস্বীকার করলে তাদের পরীক্ষায় ফেল করার হুমকি দেয়া হতো অভিযুক্ত চিকিৎসকদের পক্ষ থেকে।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে একজন জুনিয়র নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার পর এই নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলন শুরু হয়। ঘটনার পর, রাজ্যজুড়ে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ উঠে।