মো বা র ক হো সে ন

  • অমরার আভাসে
  • ২০২৪-১০-০৩ ২২:৪৪:২৭
image

আমাকে ছুঁয়ে যায় শীতল বাতাস আশ্বিনের ঘ্রাণ,
শ্বেত- শুভ্র কাশবন, ভরভর নদী ঢেউ,
বৃষ্টির রিমঝিম তাল, মাল্লার গান।
আমাকে ছুঁয়ে যায় মেঘে ভরা আসমান;
আড়ালে চাঁদের হাসি, মিটিমিটি তারাদের ভিড়,
শরতের একরাশ জ্যোৎস্না-স্নান।

ব্যাকুল হৃদয় কোণে ফোটে ফুল ওড়ে পাখি,
নদীর আকুল ঢেউ আছড়ায় যৌবন সোহাগে,
আমাকে ছুঁয়ে যায় নদী চরের অবশেষ প্লাবন।

ছুঁয়ে যায় আমাকে ভাদ্রের ভরা সুখ
আশ্বিনের গহীন বর্ষণ ঝড় ঝাকাস 
উথালপাথাল অরণ্য। 
প্রকৃতির বিমর্ষ আয়োজন আমাকে উছলায়
জীবনের সব গান উদ্গিরণ করায়
উচ্ছ্বসিত আবেগের অসীম আয়তনে।
আমার ফুল ফোটে
মঞ্জুরিত সুবাসে বসন্তের বাতাস জোটে
শারদীয় সবুজ পাতায়।

অমরার আভাসে এত গান, এত প্রাণ
চেতনার ধারাপাতে আখর অঙ্কিত করে, 
গোপনে গোপনে ফল্গু ছড়ায় নিসর্গ ঘিরে। 
আমি অমর হই, নির্মল হই, আমি স্বর্গীয় হই 
কাশফুল আর শিউলির শুচিময় সৌরভে।