আশুলিয়ায় বকেয়া ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে প্রায় ৪৮ ঘণ্টা ধরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসুচি পালন করছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। এছাড়া শিল্পাঞ্চলে আজ (২ অক্টবর) অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকাল থেকেই খোলা কারখানাগুলোতে শ্রমিকদের যথাসময়ে কাজে যোগ দিতে দেখা যায়।
এর আগে গত সোমবার সকাল থেকে বাইপাইলের বুড়িরবাজার এলাকার লেঅফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে। এতে সড়কটিতে যান চলাচল বিঘ্নতার পাশাপাশি তৈরি হয় তীব্র যানজট।
শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি কারখানা লে-অফ(সাধারণ ছুটি) ঘোষণা করা হয়। গতকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল।
তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে আসলে দেখতে পান পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।