দুবাইয়ে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।আসন্ন নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মাঠে সেরাটা খেলার লক্ষ্য বাংলাদেশ নারী দলের। ২০১৪’র বিশ্বকাপের পর আর কোন আসরেই ম্যাচ জেতেনি বাংলাদেশ নারী দল। ইতিবাচক ফলের মধ্য দিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় খেলোয়াড়রা। মিরপুরে মঙ্গলবার আনুষ্ঠানিক ফটোসেশন পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার সকালেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে নিজেদের ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ উপলক্ষ্যে মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশনও করেছে তারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ বাংলাদেশ জয়ের স্বাদ পেয়েছিলো ২০১৪ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর, দশ বছরে আরো ৪টি আসরে অংস নিলেও ক্রিকেটের এই বড় মঞ্চে একটি ম্যাচও জিততে পারেনি।এই সবগুলো আসরেই খেলেছেন নারী দলের এবারের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয় আসাই এবারের আসরে লক্ষ্য বলে ফটো সেশন পরবর্তি সংবাদ সম্মেলনে জানান এই অধিনায়ক।
এবারের আসরের বি- গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আসরের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন হলেও এই ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চান বলে জানালেন অধিনায়ক জ্যোতি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর শুরুর আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।