দেশের বাজারে আজ থেকে কার্যকর হচ্ছে সোনার নতুন দাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-২২ ১০:০২:৩৪
image

আজ রোববার(২২শে সেপোটম্বর) থেকে দেশের বাজারে কার্যকর হচ্ছে সোনার নতুন দাম। এতে করে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। 
এর আগে গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।
এতে করে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা। 
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে রোববার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে রোববার থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ২ হাজার ২০৫ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৮৯ হাজার ২১৮ টাকা। শনিবার পর্যন্ত দেশজুড়ে সোনার দোকানে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা।
এর আগে সর্ব শেষে গত ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেই সময় সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়ানো হয়।