ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৭ ০৯:৪০:৪৫
image

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন।
স্থানীয় সময় রোববার (১৫ই সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে গুলির ঘটনাটি ঘটে। 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে একে–৪৭ ঘরানার ওই অস্ত্রটিও জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন ওই গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। 
আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে। তবে তিনি নিরাপদে আছেন।
এক বিবৃতিতে এফবিআই বলেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’