মিয়ানমারের বন্যা পরিস্থিতির আরও অবনতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৭ ০৯:৩৪:০৮
image

মিয়ানমারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেঙে গেছে বহু সড়ক ও সেতু। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো। এছাড়া ইয়াঙ্গুন ও মান্দালয়ের মধ্যকার রেল পরিবহন বন্ধ হয়ে গেছে। 
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন গতকাল রোববার (১৫ই সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে। সংবাদ সংস্থা এএফপির তথ্যমতে, ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩৭৫ স্কুল ও একটি মঠসহ প্রায় ৬৬ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে কয়েক মাইল সড়ক ও বিভিন্ন অবকাঠামো। এ ছাড়াও শুক্রবার পর্যন্ত ১৮৭টি ত্রাণ শিবিরে ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষকে স্থান দেওয়া হয়েছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বলেছে, জরুরি ও স্বাস্থ্যকর্মীরা বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত আছেন। খাদ্য ও পানীয়ের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তহবিল দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবাকর্মীরা এরই মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত শুরু করেছেন।
গত সপ্তাহে চীনের দক্ষিণের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। ইয়াগি চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন। যার প্রভাবে ভারী বৃষ্টি ও বন্যার কবলে পড়ে প্রতিবেশি দেশগুলোও। টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৪শ’ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।