ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চলে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যায় রোমানিয়ার পূর্বাঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার (১৪ই সেপ্টেম্বর) রোমানিয়ার জরুরি সেবা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মধ্য ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকটি দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার কিছু অংশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, ইউরোপের বেশ কিছু নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় চেক-পোলিশ সীমান্ত লাগোয়া কিছু শহরের বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। রোমানিয়ার আটটি কাউন্টির ১৯টি গ্রামে বন্যার প্রভাব পড়েছে। রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার গালাটি কাউন্টি পরিদর্শন করেছেন। বন্যায় গালাটি কাউন্টির রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক এলাকার রাস্তায় কর্দমাক্ত পানি, পলিমাটি ও ধ্বংসাবশেষ জমে গেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত উদ্ধারকারী দলের সদস্যরা সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।