শি রী না ই য়া স মি ন

  • নিষ্পাপ হাজারো ফুলর ছিন্ন ভিন্ন শরীর
  • ২০২৪-০৯-১৪ ০৯:৩০:৪৯
image

এক.
মধ্য রাতে খুলে যায় দরজা 
অদ্ভুত! কেউ নেই, তবে ভুত নয়।
ভয়ে কাঁপে গা! থরথর কাঁপছে গ্রিল
এতো দেখি সুনামি হাসছে খিল খিল!
শব্দটা চেনা ঝাঁঝাল শাঁকচুন্নি নয় তো!
একখণ্ড বাতাসের তোড়ে বন্ধ দরজা জানালা।
আটকে পড়া বাতাস ভুতুড়ে আওয়াজ তুলে 
চিৎকার করে দিকে দিকে।
দুই.
অন্ধকুপে কাঁদে সোনালি যৌবন 
দেয়ালে খুনের আঁকিবুঁকি। 
পুঞ্জীভূত ক্ষোভে ফেটে পড়ে নয়া সুনামি!
জোড়ালো জোয়ারে ভাসে জনতা
আছড়ে পড়ে সুসজ্জিত দেয়ালে,
যেখানে শাঁকচুন্নি ষড়যন্ত্রের জাল বোনে।
শাট শাট খুলে যায় একের পর এক দরজা;
সুনামির উত্তাল ঢেউয়ে মুখ থুবড়ে পড়ে সময়।
তিন.
ভয়ে কাঁপে টুনটুনি, ঘাসের উপর হাজারো পায়ের পদাঘাত! অচেনা বুটের আওয়াজ 
তছনছ নিঃষ্পাপ ফুলের জীবন। 
অন্ধ বিকলাঙ্গ ফুল চিৎকার করে 
নর শয়তানের আঘাতে।
 
চার.
হঠাৎ উল্টে যায় গণেশ! 
ডাকাত পড়েছে তর্জন গর্জন করে শাঁকচুন্নি, 
রাইফেল তাক করে শুপাড়ি নারকেল আম জাম। 
সুনামির তোড়ে ভেসে যায় লোড করা বন্দুক, 
শাঁকচুন্নির হুংকারে কাঁপে অন্দর মহল। 
রক্ত লেগে আছে ধারালো দাঁতে সুচালো নখে
তাজা মাংস আহার সেরেছে সবে।
কাপড় তুলে নগ্ন নৃত্য করবে  
আহা! সুনামির আঘাতে লণ্ডভণ্ড সব।
চলে যেতে হয় আশ্রয় কেন্দ্রে। 
তর্জন গর্জনে ক্লান্ত, নেতিয়ে পড়ে
পরবাসীর শরীর।
বিদ্যুতের স্পর্শে পূর্ণ শক্তি ফিরে পেয়ে  
দাঁত কেলিয়ে হি হি হাসে বহুরূপী শয়তান!