পা র ভী ন শা হ না জ

  • আঁকিবুঁকি
  • ২০২৪-০৯-১৪ ০৮:৪৪:৩৫
image

আঁধার সেঁচছি আলোর ঠিকানা পেতে
আধবোজা চোখে জ্যামিতিক আঁকিবুঁকি 
গল্প না হয় মুলতবি রাখি আজ
সমঝোতা মানে পরাজয় মানা ঝুঁকি 

নদী মানে তুমি কেন ভাবো শুধু জল
শুষ্কতা যার অতল বক্ষ জুড়ে 
নাব্যতা আজও জলহীন সমতল 
গহীনের ব্যথা কে দেখেছে বলো খুঁড়ে! 

নীলখামে রোজ অক্ষর কাঁদে একা
হাভাতে ক্ষুধারা পথ চেয়ে বসে থাকে 
কাঁটা কম্পাসে জীবন চিনতে শেখা 
তবুও স্বপ্ন নিখোঁজ ক্লান্ত পথের বাঁকে ।