ঢাকার দুই সিটি করপোরেশনের বেশিরভাগ কাউন্সিলররা আত্মগোপনে,আটকে আছে জরুরি কাজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৩ ১৪:২৭:০৮
image

সরকার পতনের পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে থাকায় অনেক জরুরি কাজ করাতে পাচ্ছেন না নগরবাসী। এই কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী।ফলে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ জরুরি অনেক সেবা না পাওয়ায় নাগরিকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। সিটি করপোরেশনের কর্তৃপক্ষ বলছে, কাউন্সিলরের পরিবর্তে আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা চলছে। 
ছাত্র জনতার অভ্যূত্থানে গত ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর। আওয়ামী লীগের দলীয় মনোননয়নে নির্বাচিত হয়েছিলেন তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিলেও কাউন্সিলরদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে ১৪ ধরনের নাগরিক সেবা  দেয়া হয়। এরমধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, চারিত্রিক ও উত্তরাধিকারী সনদ, পারিবারিক সদস্য, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার সত্যায়িত সনদও দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা যাচাইকারী হিসেবে স্বাক্ষর দিতে হয় কাউন্সিলরকে। কিন্তু এক মাসের বেশির সময় ধরে থমকে আছে নাগরিকদের এসব গুরুত্বপূর্ণ কাজ। 
কাউন্সিলর কার্যালয়গুলোতে গিয়ে দেখা যায়- সচিব ও অন্য কর্মচারীরা অফিস করেন। প্রতিদিন নানা কাজে এসব কার্যালয়ে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। 
কোন কোন অফিসে আন্দোলনের সময় আক্রান্ত হওয়ায় এখনো ধ্বংসযজ্ঞের চিহ্ন আছে। এসব অফিসে প্রয়োজনীয় কাগজপত্রও নেই। তবে অনেক কাউন্সিলর আত্মগোপনে থেকে বিভিন্ন সনদে সনদে স্বাক্ষর করছেন। 
যেসব ওয়ার্ডের কাউন্সিলর একেবারেই অনুপস্থিত থাকছেন, সেসব জায়গায় আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।