চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় ইটভাটা’র অর্থদন্ড,ছাড়পত্র ছাড়া উৎপাদনে না যাবার নির্দেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১০ ২১:৪৫:৫৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় এলাকায় অবস্থিত স্মার্ট ব্রিকস নামক একটি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উৎপাদনের প্রস্তুতি নেয়ায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১০সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট তৌফিক আজিজ ওই ভাটার মালিক মামুনুর রশিদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৯ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় এ দন্ড আরোপ করেন। ভ্রাম্যমাণ আদালত ওই ভাটাকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত উৎপাদনে না যাবার নির্দেশও প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট তৌফিক আজিজ বলেন, ওই এলাকার শিক্ষার্থীসহ সচেতন নাগরিক সমাজের অভিযোগের প্রেক্ষিতে একই এলাকায় অবস্থিত সেভেন ষ্টার, সাথী,সনি-১,২ ও ষ্টার ব্রিকস নামে আরও ৫টি ভাটাতে একই সময় অভিযান চালানো হয়। এ সময় ভাটাগুলোকে সতর্ক করা হয় ও অভিযানের  সাথে থাকা পরিবেশ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালককে ভাটাগুলোর কাগজপত্র পরীক্ষার দায়িত্ব দেয়া হয়। এগুলোর ব্যাপারে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর ওই এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও  উপজেলা নির্বাহী অফিসারকে(ইউএনও) স্মারকলিপি প্রদান করে ভাটাগুলির ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিযোগ করেন ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপর ওইদিনই ইউএনও আফতাবুজ্জামান সংশ্লিষ্টদের নিয়ে ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেন ও দ্রæত ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।