ম নি র জা মা ন

  • যাকিছু হারায়
  • ২০২৪-০৯-০৮ ২৩:১৪:৪৭
image

পার্কের মেয়েরা রাতের অন্ধকারে পাটি নিয়ে ছুটোছুটি করে।
দিনের বেলায় বকুল তলায় কুন্ডলী পাকিয় ঘুমায়। 
পৌষ-ফাগুনে মাদি কুকুর গাভীন হয়ে যেমন হেলে-দুলে চলে; ওদেরও একই দশা দেখি। ভারী পেট নিয়ে ওরা তখন ফুলওয়ালিদের জন্য মালা গেঁথে দেয়। 
ঠিক এই সময় ওদের নাগর জোটে। 
পুটির সঙ্গে মাখমাখি দেখে জানতে চাই--কিরে চান্দু, এতো পিরিত কিসের! 
ভাই, পুটিতো আমার পরিবার। 
আমি অবাক হই। চান্দু বলে--দোয়া কইরেন, ভাই। পুটি পোয়াতি। 
কয়েক বছর ধরে চান্দুকে দেখি, ইনক্টিন ট্যবলেট খেয়ে পার্কে কাগজ টোকায়।
চুপচাপ মিষ্টি স্বভাবের ছেলে। কবে পুটিকে বিয়ে করলো, বোধগম্য হয় না। অবাক হয়ে দেখি, রাতের অন্ধকারে পাটি নিয়ে ছুটোছুটি করা মেয়েটাকে প্রকৃত স্বামীর মতন দেখভাল করছে! 
দিনের বেলায় পার্কের মেয়েরা বকুল তলায় বসে ফুলের মালা বানায়। কেউবা ঘুরে ঘুরে পানি বেচে। 
কখনো ওদিক দিয়ে গেলে  পুটি ডাক দেয়--ভাই, আমার বাচ্চা হইবো। থাকলে কয়ডা টাকা দিয়েন। 
শ্রেণিহীন জীবন কাটাবো বলেইতো কাঠামোর বাইরে এসে এদের সঙ্গে মিশে গেছি। পোয়াতি মেয়েটার জন্য কিছু করা নিশ্চয় আমার কর্তব্য। কিন্তু সর্বহারা-জীবন এতই সহজ, এক সকলে দেখি, মেয়েটা নবজাতক ছেলেকে কোলে নিয়ে গাছতলায় বসে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে! 
আমি জানতে চাই--চান্দু কই? 

No photo description available.
হাইকোর্টের মাজারে গেছে ওরসের খানা আনতে। 
পুটিকে কিছু টাকা দিই। মেয়েটা বলে--আপনে অনেক ভালো। আমগো মতন। 
রাত গভীর হলে পার্কের মেয়েরা পাটি নিয়ে আন্ধকারে ছুটোছুটি করে।
চান্দু তখন পুটির ছেলেটাকে নিয়ে সর্বহারা পুরুষদের সঙ্গে গোল হয়ে আগুন পোহায়। আমাকে বলে--ভাই, বউ-বাচ্চা লয়া গেরামে যাইতে চাই। পুটি রাজি হয় না। আপনে যদি একটু কয়া দেন। নাইলে  আমি একলাই যামু গিয়া...।  
যা বেটা, তোর আবার গ্রাম কিরে! চুপ যা।
দিনের বেলায় পার্কের মেয়েরা বকুল তলায় বসে ফুলের মালা বানায়। রাতে যারা পাটি নিয়ে ছুটোছুটি করে, কুন্ডলী পাকিয় ঘুমায়। 
আমাকে দেখে পুটি চিৎকার করে ডাকে--ভাই, আমার সর্বনাশা হয়া গেছে। চান্দু ভাগছে। আমার পোলা লয়া ভাইগা গেছে, ভাই...। 
পার্কের পতিতারা বুড়ি হয়ে গেলে ভাতওয়ালি হয়ে যায়, নয়তো নেশা বেচে। ওরা বলে--আজাইরা কান্দস ক্যান! যার পোলা হ্যায় লয়া গেছে। ডাঙ্গর হইলে দেহিস, নিজেই ফিরা আইবো। 
আমি হতবাক হয়ে ওদের কথা শুনি। পড়ন্ত যৌবনা যে মেয়েটা নেশা বেচে, সে বলে--ভাই, আমার পোলা রাজ্জাকরেতো চেনেন; অরেতো অর বাপে লয়া গেছিলো; ফিরা আহে নাই? আইছেতো। ডাঙ্গর হয়া তোর পোলায়ও ফিরা আইবো...। 
জীবন এতো নিঠুর! আমি দাঁড়াতে পারিনা।  
পার্কের যেসব মেয়ে রাতে পাটি নিয়ে ছুটোছুটি করে, তারা দিনের বেলায় বকুল তলায় কুন্ডলী পাকিয়ে ঘুমায়; আর ওদের সন্তান চুরি হয়ে যায়।