ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধিন যোগিপোল ৭নং ওয়ার্ডে জমাজমি সংক্রান্ত বিরোধে রাজু হত্যাকান্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৮ আসামীকে খানজাহান আলী থানা পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানজাহান আলী থানার ওসি(তদন্ত) মোঃ নাহিদ হাসান মৃধার নেতৃত্বে এস আই ইসতিয়াকসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। খানজাহান আলী থানা পুলিশ গ্রেফতারকৃতদেরকে রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
পুলিশের তথ্য সুত্রে জানাযায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানজাহান আলী থানার ওসি(তদন্ত) মোঃ নাহিদ হাসান মৃধার নেতৃত্বে এস আই ইসতিয়াকসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার এজাহারনামীয় আসামী যোগিপোল ৮নং ওয়ার্ডের তোতা মিয়া ফকিরের পুত্র রেজাউল ফকির (৪০), তার ভাই মিজানুর রহমান ফকির (৩৭), হুমায়ুন কবির বিশ্বাসের পুত্র মোঃ রাকিব বিশ্বাস (২৭), তার ভাই হাসিবুল হোসেন শান্ত (হাসিব) (২২), যশোর অভয়নগর রানাগাতীর হেকমত উল্লাহ জমাদ্দারের পুত্র রেজাউল জমাদ্দার (৫২), রেজাউল জমাদ্দারের পুত্র প্রান্ত জমাদ্দার (২২), যোগিপোল ৮নং ওয়ার্ডের হুমাউন কবির বিশ^াসের স্ত্রী নাহার বেগম (৫০) এবং মিজান ফকিরের স্ত্রী রহিমা বেগম (৩৫)কে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল শুক্রবার রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন খানজাহান আলী থানা পুলিশ। এর আগে হত্যাকান্ডের ঘটনার পর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার এজাহার ভুক্ত ৫নং আসামী শিরোমণি দক্ষিণপাড়ার মৃত শেখ আনসার আলী পুত্র মোঃ সিরাজ (৪৫) এবং ১১ নং আসামী যোগিপোল ৮নং ওয়ার্ডের জিয়া ফকিরের স্ত্রী আঁখি নুর (৩৫)কে পুলিশ গ্রেফতার করে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, খানাজাহান আলী থানাধিন যোগিপোল ৭নং ওয়ার্ডের মৃত শাহিন ফকিরের রেখে যাওয়া জমাজমি এবং সম্পত্তি নিয়ে শাহিন ফকিরের সৎ ভাইদের সাথে স্ত্রীর ও সন্তানদের সাথে বিরোধ সৃষ্টি হয়। গত ঈদুল আযহায় শাহিনের স্ত্রী, মেয়ে জামাই যোগিপোলের বাড়ীর সংষ্কার কাজ করতে আসে। গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাতে মৃত শাহিনের মেয়ে ফারিহার স্বামী আওয়ামী যুবলীগের কেন্দ্রের সাবেক সদস্য এস এম রাজু প্রাইভেটকার যোগে যোগিপোল ৭নং ওয়ার্ডের শশুর বাড়ীতে আসে। তিনি গাড়ী থেকে নেমে বাড়ীর প্রধান ফটকের সামনে দাড়িয়ে স্ত্রীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ফারিহার সৎ চাচাসহ অন্যান্যরা রাজুকে ঘিরে ধরে গরু জবাই করা দেশীয় অস্ত্র চাপাতি, ছোরা, হাসুয়া দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্বজনরা এ দৃর্শ দেখে চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী ফারহানা খাতুন বাদি হয়ে ১২জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মামলা করে(মামলা নং- ২১ তাং-১৯/৭/২৪)।