চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পৃথক দুই অভিযানে ১,২০২ বোতল ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার(২৯ আগষ্ট) অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তাররা হল নিয়ামতপুরের আঘোর গ্রামের মৃত শামসুল হকের ছেলে নুরুল ইসলাম(৪৩), তার ছেলে আল আমিন(১৯),শিবগঞ্জের চরহাসানপুর গাইপাড়া গ্রামের মৃত রেজাউল হকের ছেলে খাইরুল ইসলাম(৫০), বাগেরহাটের চিতলমারি থানার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের মৃত সাখাওয়াৎ হোসেনের ছেলে মাসুদুজ্জমান মামুন (৪০)।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের আঘোরপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ি থেকে ৯০০ বোতল ফেনসিডিল জব্দ হয়। অভিযানে গ্রেপ্তার হয় ওই চারজন। তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বসত বাড়িতে সংরক্ষণ করে খুচরা ও পাইকারি বিক্রিতে জড়িত। নুরুল ইসলামের বাড়িতে ফেনসিডিল মজুদের গোয়েন্দা তথ্যে অভিযান চালায় র্যাব।
এর আগে গত বুধবার দিবাগত রাত আড়াইটায় (বৃহস্পতিবার) শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর হাউসনগর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। সীমান্ত থেকে মাদকের চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করবে মর্মে গোপন তথ্যে অভিযান চালানো হয়। তবে মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসব ঘটনায় নিয়মতপুর থানায় মামলা ও শিবগঞ্জ থানায় ফেনসিডিল হস্তান্তর করে জিডি করা হয়েছে।