জাতীয় ক্রিকেট দল থেকে সাকিব আল হাসানকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৫ ০৯:৪৮:১০
image

জাতীয় ক্রিকেট দল থেকে সাকিব আল হাসানকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। হত্যা মামলার আসামি হওয়ার পর এই নোটিশ দেয়া হলো। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটর ‘পোস্টার বয়’ এই অলরাউন্ডার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছেন।
শনিবার (২৪ শে আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম। অ্যাডভোকেট মো. রফিনুর রহমানের পক্ষে ই-মেইল এবং রেজিস্টার্ড ডাকে তিনি এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেটের যেকোনো ‘ফরমেট’ থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
তাকে অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে হত্যা মামলার তদন্তে সহায়তা করতে উদ্যোগ নিতে হবে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করতে হবে বলে নোটিশে বলা হয়েছে।
গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ অগাস্ট ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এটিই সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রথম মামলা। আন্দোলনে সহিংসতা চলার পুরোটা সময় দেশের বাইরে থাকলেও হত্যা মামলার আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া সাকিবকে।