খুলনার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দুই দিনেও মেরামত কারা সম্ভব হয়নি। নদীতে জোয়ারের চাপে পাইকগাছা উপজেলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের স্বেচ্ছাশ্রমের মেরামত করা অংশ ভেঙে আবারও ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য ঘের। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন।
এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে যায়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার দেড় হাজার মানুষ পুনরায় বেড়িবাঁধের মেরামত শেষ হওয়ার আগেই আবারও শুক্রবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গেছে স্বেচ্ছাশ্রমের সেই বাঁধ। এতে নতুন করে আবারও প্লাবিত হয়েছে দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রাম। প্রথম দিন বাঁধের প্রায় ৩০০ ফুট জায়গা ভেঙেছিল। এখন ৪০০-৫০০ ফুট পর্যন্ত বাঁধ ভেঙেছে। শনিবার সকাল থেকে আবারও স্বেচ্ছাশ্রমের বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে।
এদিকে, বাঁধ ভেঙ্গে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, রাস্তা-ঘাট, আমন ধানের বীজতলা, পুকুর, মাছের ঘের। স্থানীয়রা গরু-ছাগল, গবাদিপশুসহ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।
দেলুটি ইউপি চেয়ারম্যান জানান, দ্বিতীয় দিনে ও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরও আটটি গ্রামসহ ২২ নম্বর পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়া প্লাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধসে পড়া সহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্যান্য সবজি ফসল এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।
পাউবো কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের স্কুল-কলেজ মাদরাসা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত বাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হয়েছে।