চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে বিদেশী ৪৮ বোতল মদসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার(২৩আগষ্ট) বিকাল ৫টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামে পাকা সড়কের উপর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তাররা হল সদর উপজেলার বাগডাঙ্গা জোগানদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে কামরুল ইসলাম(৪৫) ও বকরিপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জিয়ারুল ইসলাম(৩২)।
রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দাসূত্রে মাদকের চালান সরবরাহের তথ্যে গোপনে অবস্থান নিয়ে র্যাবের একটি দল সন্দেহজনক গতিবিধির অটোরিক্সা থামিয়ে তল্লাশী করে মদসহ ওই দু’জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।