চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে একটি খাঁড়িতে (ক্যানাল বা স্থানীয়রা কেউ কেউ দাঁড়া নদী বলে) ভাসমান অবস্থায় মো.সানাউল নামে ১৪ বছরের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সমির উদ্দিনের ছেলে। গত বুধবার(২১ আগষ্ট) দুপুর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার(২৩ আগষ্ট) সকাল ৯টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহে বাহ্যিকভাবে আঘাতের কোন চিহ্ন মেলেনি।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সানাউলের মা মারা গেছেন। পিতা অন্যত্র বিয়ে করেছেন। অন্য দুই ভাইয়ের একজন বিদেশে থাকেন ও অপরজন বিয়ে করে অন্য গ্রামে থাকেন। তাকে দেখার কেউ ছিল না। সে একাই বাড়িতে থাকত ও গ্রামের বিভিন্নজনের আমবাগান পাহারা দিয়ে জীবন ধারণ করত।গত বুধবার সে গ্রামের একজনকে খঁড়িতে গোসল করতে যাবার কথা বলে। পরে খাঁড়ির কুঠির ঘাটের পাশে একটি মাচায় তার পোষাক পাওয়া গেলেও তাকে পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে সানাউলের মৃত্যু হয়েছে। পুলিশ আইনীব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।