সেনাবাহিনীর সব পদবির সব সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৩ ১৭:১২:৪৬
image

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সব সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।'
সেখানে আরো উল্লেখ করা হয়, ‘উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনা সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।’
আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের সব আগ্রহী নাগরিককে অর্থ পাঠানোর অনুরোধ জানানো হয়। 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়। আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

▫️হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'
▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 
▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩'
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, 'এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।'