চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে রাজশাহীর নিখোঁজ এক মুদি দোকানদার ও নিজ বাড়ি থেকে এক গৃহবধুসহ দু’জনের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দু’জন হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার সাইদুর রহমান(৫৪) ও শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা বাজার এলাকার আবু ইসাহাকের স্ত্রী জাহানারা খাতুন(৬০)। পুলিশ জানায়, বুধবার(২১ আগষ্ট) দুপুরে সাইদুর ও গত মঙ্গলবার(২০ আগষ্ট) দিবাগত গভীর রাতে জাহানারার মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে সাইদুরের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন তার ছেলে সাহানুর রহমান। অপরদিকে জাহানারার ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয় ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বুধবার সকালে শিবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডের শেখটোলা গাজার মোড় এলাকায় একটি আমবাগানে আমগাছের ডালের সাথে সাইদুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তল্লাশী করে সার্টের পকেটে একটি কাগজে লেখা একটি মোবাইল নম্বরের সাহায্যে তার পরিচয় শনাক্ত করে। মরদেহের কপালে ও পেটে হালকা ্ছড়ে যাবার চিহ্ন ছাড়া দেহে বাহ্যিকভাবে আঘাতের কোন আঘাতের ছিহ্ন মেলেনি। পরিবারও সাইদুরের মৃত্যুর ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারে নি। তার পরিবার জানায়,দু’দিন পূর্বে গত সোমবার সকালে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ওইদিন রাজপাড়া থানায় জিডি করা হয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সাইদুরের মৃত্যুর কারণ নিশ্চিত নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে পরিদর্শক সুকোমল আরও জানান,গত মঙ্গলবার গভীর রাতে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষের ছাদের তীরের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাহানারা আত্মহত্যা করে থাকতে পারেন।