বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করতে চান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৬ ০৯:৫৯:২৫
image

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করতে চান। বিসিবির এক শীর্ষ পরিচালককে মোবাইলে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন। 
নিয়মের মধ্যে থেকেই তিনি পদত্যাগ করতে চান। এ বিষয়ে বোর্ডের সাথে তার কথা চলছে। 
কোটা সংস্কার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ ছিলো না বিসিবি সভাপতির। তবে অনেকেই ধারণা করছেন বর্তমানে তিনি পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন। তিনি তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগের পর সংশ্লিষ্ট ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পরিচালকদের মধ্যে থেকে সহ-সভাপতি নির্বাচিত হবেন দুজন। তাদের মধ্যে থেকে যেকোন একজন সভাপতি নির্বাচিত হবেন। তবে এই নিয়মের বাইরে গিয়ে সরকারি হস্তক্ষেপে যদি বোর্ডে পরিবর্তন আসে, সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
বিষয়গুলো নিয়ে গত ১১ আগস্ট অন্তর্র্বতী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেন বিসিবি কর্মকর্তাবৃন্দ। সেসময় ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন। যাঁরা বিসিবির পরিচালক আছেন, তাঁরা আইসিসির নিয়মের মধ্যে থেকে কীভাবে বিষয়টি সমাধান করা যায়, সেটি দেখবেন।
বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ২০১৩ সালে নির্বাচিত সভাপতি হন। সেই থেকে তিন মেয়াদে বিসিবি সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি।