ম ন সু র আ জি জ

  • বিক্ষুব্ধ অন্তরগুলো মিছিল করবে
  • ২০২৪-০৮-১৫ ২০:৩১:২১
image

বিক্ষুব্ধ অন্তরগুলো আজ মিছিল করবে
হৃদয়গুলো হয়ে যাবে চকচকে কালো রাজপথ
বাহান্নর বর্ণমালা প্রতিবাদী হবে মুষ্ঠিবদ্ধ হাতে
আত্মত্যাগী যুবকের শ্লোগানে মুখরিত হবে নির্বাক শহর

প্রতিবাদী কবিতার পোস্টারে ছেয়ে যাবে নগরীর বিধবা দেয়াল
নপুংসক শাসকের গদি ত্যাগের দেয়াল লিখন চলবে সারারাত
উন্মাতাল হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত ক্যাম্পাস

যখন ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমাদের জেলখানা হয়ে আছে 
তখন লোহার গরাদের ভয় করে কোনো লাভ নেই
যখন পনেরো কোটি নিরন্ন মানুষের আর্তিতে বাংলার মাটি প্রকম্পিত
তখন গুটিকয় দালালের ভয় করে কোনো লাভ নেই
মিছিলপূর্ব বিক্ষুদ্ধ আত্মার সমাবেশে
কুচক্রী দালালের পতনের ইশতেহার শোনাবো আজ।

মনে রাখুন!
আইনের তাবিজ হাতে বাঁধা দালাল ব্যারিস্টার উকিল আমলা রাজনীতিক
জনতার চোখ সাংবাদিক--
তারা জনগণের বন্ধু ছিলো না কখনো
ক্ষমতার পেয়ালায় তারা চুমুক বসিয়েছে চিরকাল
ওদের চেয়ে ঢাকার ইলেকট্রিক তারে বসা কালো কাকগুলো অনেক বেশি দেশপ্রেমিক
বাহান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর; নব্বইয়ের গণআন্দোলনে 
ওরা কোরাস গেয়েছিল বিক্ষুদ্ধ সমাবেশে।

আজ কিছু আত্মত্যাগী যুবকের প্রয়োজন
যাদের বিক্ষুদ্ধ অন্তরগুলো মিছিল করবে ঢাকার রাজপথে
শহর থেকে গ্রামান্তরে
প্রতিবাদে কাঁপিয়ে তুলবে দালালের নিশ্ছিদ্র প্রাসাদ
প্রতিবাদী হাত চেপে ধরবে অত্যাচারির গ্রীবা

বিক্ষুদ্ধ অন্তরগুলো-- আজ তোমরা 
মিছিল করো
                 মিছিল করো 
                                  মিছিল করো...