মেঘ ঢাকা আকাশের কোলে
মাাঝে মাঝে রোদ যাচ্ছে খেলে।
চল না আজ একটু ভিজি বৃষ্টিতে
এলোমেলো করে হারিয়ে ফেলি
নিজেকে অজানা কোন সৃষ্টিতে।
থাকনা আজ ঘরটা একটু অগোছালো
থাকনা তোমার পড়ার টেবিলটা এলোমেলো,
আজ শুধু হারিয়ে যাই স্বপ্নমাখা পাহাড়ি ঝর্ণার হাত ধরে
উদ্যম উচ্ছল অবাধ্য গতিতে পাথুরে পথের খাঁজ কেটে,
আজ শুধু মিশে যাই স্বপ্নের নদীটাতে।
সে তো এখনও চলছে বয়ে কখনও আনমনে,
কখনও বিহ্বল হয়ে উদ্যম জীবনের টানে,
কখনও বা ঘুমিয়ে পড়ে শ্রান্ত ক্লান্ত হয়ে
পাহাড়িয়া পথের এক কোণে।
চল না আজ একটু ভিজি বৃষ্টিতে
হোক না একটু অনাসৃষ্টি,
কি আসে যায় তাতে?
বড়ই একা যে পথের শেষ প্রান্তটা
এতোদিন হাল বেয়ে বেয়ে চলে
বড়ই ক্লান্ত লাগে শেষ তরী বাওয়াটা,
তরী যদি যায় ডুবে পাথরের গায়ে লেগে
তুমি কি আসবে ছুটে একবার?
চল না বৃষ্টিতে ভিজি এইবার।