‘বাংলার জনগণ ভারতের সাথে সূসম্পর্ক চায়’--চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১২ ১৯:১৮:২৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য হারুনুর রশীদ  ভারতের উদ্দেশ্যে বলেছেন, ভারত বৃহৎ প্রতিবেশী রাষ্ট। বাংলাদেশের জনগণ ভারতের সাথে সূসম্পর্ক চায়। এখন ভারতকে ঠিক করতে হবে যে, তারা বাংলার জনগণের পক্ষে থাকবে নাকি আ’লীগের সাথে থাকবে। জনগণের সাথে থাকলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের জন্য তাদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এছাড়া বাংলাদেশের কোন  আভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
সোমবার(১২ আগষ্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুন। তিনি বলেন, হাসিনা দেশের সর্বনাশ করেছেন। প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। তার লোকজনকে বিপদে ফেলে পালিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র তুলে দিয়েছেন নিজের লোকজনের হাতে। তিনি ক্ষমতা ধরে  রাখতে চেয়েছিলেন। কিন্তু সকল ক্ষমতার মালিক আল্লাহ। গত ৫ আগষ্ট দেশে নতুন সূর্যোদয় হয়েছে। দেশ মুক্ত হয়েছে। এখন উন্নত দেশ গড়তে হবে। সে কাজ শুরু হয়েছে। অন্তবর্তীকালীন সরকার কাজ শুরু করেছে। দেশের সংস্কার ও মেরামত শুরু হয়েছে। সেনাবাহিনী,বিজিবি জনগণের জন্য কাজ শুরু করেছে। দূর্নীতি দূর করতে হবে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সরকারি পদে  থাকা আ’লীগ চাটুকারদের পদ  ছাড়ার আহব্বান জানান হারুন।
৪ বারের সাবেক এমপি,সাবেক শীর্ষ ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ও জাতিসংঘের তত্বাবধানে  হাসিনার বিচার করতে হবে। বিডিআর হত্যাকান্ডের বিচার করতে হবে। হাসিনাসহ তার দোসরদের বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনতে হবে। হাসিনার নামে পূর্বে প্রত্যাহাররকৃত সকল মামলা পূণরায় চালু করতে হবে। বিএনপি নেতাকর্মীদের নামে দেয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি যমুনা ব্রীজের নাম ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাইদের নামে করা,ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের নাম মুি মুক্তিযোদ্ধারে তালিকায় অন্তর্ভূক্ত করা সহ আরও কিছু প্রস্তাব দেন।
বিএনপির শীর্ষ এই নেতা দেশের সম্পদ রক্ষার জন্য জানাকীর্ণ উপস্থিত জনতাকে শপথ করান। তিনি বলেন, বিএনপির কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে রেহাই পাবে না। তিনি সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষার  আহব্বান জানান। সমাবেশের শেষে গনআন্দোলনে শহিদদের জন্য দোয়া পরিচালনা করেন হারুন।সদর উপজেলা কৃষকদল আহব্বায়ক ও উপজেলা জেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।